গ্রুপ পর্বে চ্যাম্পিয়নের মতোই খেলেছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে বিশ্বসেরা ফুটবলারকে ছাড়াই চিলিকে ২-১ গোলে হারিয়ে গত বছরের কোপা আমেরিকা ফাইনালে হারের প্রতিশোধ নিয়েছিল জেরার্দো মার্তিনোর শিষ্যরা। পানামার বিপক্ষে পরের ম্যাচে শেষ ৩০ মিনিট খেলেই দুরন্ত হ্যাটট্রিক করে দলকে ৫-০ গোলের সহজ জয় এনে দিয়েছিলেন মেসি। বলিভিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে নেমে বার্সেলোনা তারকা গোল না পেলেও আর্জেন্টিনা পেয়েছিল ৩-০ গোলের আরেকটি সহজ জয়।
কোমরের চোট কাটিয়ে মেসি এখন প্রায় শতভাগ ফিট। কোয়ার্টার ফাইনালে পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের শুরু থেকে খেলার উজ্জ্বল সম্ভাবনা। শেষ আটের লড়াইয়ে নামার আগে সমর্থকদের অনুপ্রাণিত হওয়ার মতো কথাও বলেছেন মেসি। আর্জেন্টিনার ক্রীড়াদৈনিক ওলেকে তিনি বলেছেন, ‘যত দিন যাচ্ছে, ততই আমরা সংগঠিত হচ্ছি। সব বিভাগেই আমরা খুব ভালো করছি। বেশ কিছুদিন ধরেই আমরা একসঙ্গে খেলছি। দলের কর্মকর্তাদের আমরা যেমন ভালোমতো চিনি, তেমনি তাঁরাও আমাদের চেনেন। শুরু থেকে এখন পর্যন্ত আমরা ভালোমতোই সংগঠিত করেছি নিজেদের।’
যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে দুর্ধর্ষ আর্জেন্টিনার সঙ্গে ভেনেজুয়েলা বিধ্বস্ত হবে বলেই অভিমত অনেক ফুটবল বিশেষজ্ঞর। তবে মেসি প্রতিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নন। টুর্নামেন্টের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া ভেনেজুয়েলানদের সম্পর্কে বরং তাঁর কণ্ঠে সমীহ, ‘কেউ কেউ মনে করছেন ভেনেজুয়েলা সহজ প্রতিপক্ষ। কিন্তু তারা তা নয়। ভেনেজুয়েলা নিজেদের যোগ্যতায় কোয়ার্টার ফাইনালে উঠেছে। কেউ তাদেরকে দয়া করেনি।’
সতীর্থদের সতর্ক করে আর্জেন্টিনা অধিনায়কের মন্তব্য, ‘তারা হয়তো ব্রাজিল, উরুগুয়ে বা প্যারাগুয়ের চেয়ে ভালো দল নয়। কিন্তু শেষ আটে উত্তরণ তাদের প্রাপ্যই। আমাদের তাই ভুলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। খুব কঠিন ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য।’
No comments:
Post a Comment